জলবায়ু পরিবর্তনের কারণে ক্রান্তীয় বা উষ্ণমন্ডলীয় (ট্রপিক্যাল) অঞ্চলের চেয়ে নাতিশীতোষ্ণ (টেম্পারেট) অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীকুল বেশি বিলুপ্তির মুখে পড়ছে বলে জানিয়েছেন গবেষকেরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যারিজোনার একদল গবেষক তাদের সাম্প্রতিক গবেষণায় এই তথ্য পেয়েছেন। গবেষকদের মতে, নাতিশীতোষ্ণ অঞ্চলের তাপমাত্রা এখন আগের চেয়ে অনেক দ্রুত গতিতে বাড়ছে।
গবেষণাটির জন্য গবেষকেরা বিশ্বজুড়ে প্রায় ৫ হাজারেরও বেশি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির ওপর বিশদ বিশ্লেষণ চালিয়েছেন।
গবেষণার ফলাফলে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রায় ৪৯ শতাংশ প্রজাতি বিলুপ্তির শিকার হয়েছে। এর বিপরীতে উষ্ণমন্ডলীয় অঞ্চলে এই বিলুপ্তির হার প্রায় ৩৩ শতাংশ।
ইউনিভার্সিটি অব অ্যারিজোনার পরিবেশ ও বিবর্তনীয় জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক জন উইনস বলেন, সাধারণভাবে মানুষের ধারণা ছিল যে ক্রান্তীয় বা উষ্ণমণ্ডলীয় অঞ্চলের প্রাণীরা জলবায়ু পরিবর্তনের প্রতি বেশি সংবেদনশীল। তবে আমাদের গবেষণায় দেখা গেছে, নাতিশীতোষ্ণ অঞ্চলে জলবায়ুর পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির হার অনেক বেশি তীব্র। আর এই তীব্র উষ্ণায়নের প্রভাব অন্য সব বিষয়কে ছাপিয়ে প্রজাতিগুলোকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে।
একই বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষক গোপাল মুরালি জানান, বিজ্ঞানীদের দীর্ঘদিনের একটি সাধারণ ধারণা ছিল যে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মুখে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের ধারণা হলো, জলবায়ু পরিবর্তনের এই ক্ষতিকর প্রভাব প্রত্যন্ত কোনো অঞ্চলে ঘটছে, যেমন উষ্ণমন্ডলের কোনো রেইনফরেস্ট বা চিরহরিৎ বনে। কিন্তু আমাদের গবেষণায় আমরা যা দেখেছি তা হলো, এটি এখন একটি বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে।
গবেষকেরা দেখেছেন, নাতিশীতোষ্ণ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ছিল ৬ ডিগ্রি ফারেনহাইট—যা উষ্ণমন্ডলীয় বা ক্রান্তীয় অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধির তুলনায় প্রায় দ্বিগুণ।
এনএফ
