জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মুদি ব্যবসায়ী নিহত

ফরিদপুরের চরভদ্রাসনে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক মুদি ব্যবসায়ী। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেরাল গাজীটেক ইউনিয়নের সাহের মোল্লা বাজারে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ওই মুদি ব্যবসায়ীর নাম আমিনুল শেখ ওরফে বাচ্চু (৩৪)। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ চর সুলতানপুর গ্রামের বাসিন্দা মোজাহার শেখের দ্বিতীয় পুত্র।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, একটি পুকুর ভাগাভাগি নিয়ে চাচা সালাম শেখের সঙ্গে বিরোধ চলে আসছিল আমিনুল শেখের। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছাহের মোল্লার বাজারে তার সালাম শেখের পুত্র আজিজ শেখের সঙ্গে আমিনুল শেখের বড় চাচা হাসেম শেখের হাতাহাতির ঘটনা ঘটে। আজ বুধবার সকালে আজিজ বাজারে গেলে আমিনুল শেখ দোকান থেকে এগিয়ে গিয়ে তার চাচা হাসেমকে কেন মারধর করা হয়েছে, তা আজিজ শেখের কাছে জানতে চান। এ সময় দু’জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আমিনুল শেখকে ছুরিকাঘাত করেন আজিজ শেখ।
ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ফরিদপুর মেডিকেলে আনার পর সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে আমিনুল শেখকে ঘোষণা করেন।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ফারজানা আক্তার জানান, নিহতের বুকের বামপাশে গভীর ক্ষতবিশিষ্ট একটি আঘাতের চিহ্ন ছিল।
বিজ্ঞাপন
এ ঘটনার পর আজিজ শেখ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় এ ব্যাপারে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
গাজীটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী বলেন, চাচাতো ভাইদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের কারণে এ হত্যার ঘটনা ঘটেছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফফার বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
জহির হোসেন/কেএ