বিজ্ঞাপন

ইভি বাইক রপ্তানি ও যৌথ বিনিয়োগে বাংলাদেশ-ওমানের নতুন উদ্যোগ

ইভি বাইক রপ্তানি ও যৌথ বিনিয়োগে বাংলাদেশ-ওমানের নতুন উদ্যোগ

বাংলাদেশ থেকে ওমানে বৈদ্যুতিক মোটরসাইকেল (ইভি বাইক) রপ্তানি, প্রযুক্তি বিনিময় ও যৌথ বিনিয়োগে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশের পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ওমানের প্রতিষ্ঠান মডার্ন স্টার বিজনেসেস এলএলসি (স্টার ড্রোনস)। এর আওতায়, প্রাথমিকভাবে ওমানের ফুড ডেলিভারি অ্যাপ ‘বিজ’ এর ডেলিভারি বহরের জন্য বাংলাদেশ থেকে ইলেকট্রিক বাইক নেওয়া হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই হয়। পিটন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ ইকবাল জাহেদী এবং স্টার ড্রোনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইদ আব্দুল গাফুর সাইফ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশ থেকে ইভি প্রযুক্তির জ্ঞান ওমানে নেওয়া হবে। পাশাপাশি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের বাজারের চাহিদা মেটাতে ওমানে একটি পূর্ণাঙ্গ অ্যাসেম্বলি লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো অ্যাকাডেমিয়া, দেশি-বিদেশি বিনিয়োগকারী ও স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে এমন একটি উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। পিটন ইন্ডাস্ট্রিজ ও স্টার ড্রোনসের মধ্যকার এই সমঝোতা সেই সমন্বিত উদ্যোগের একটি বাস্তব ফল। এ ধরনের প্রযুক্তিগত চুক্তি জাতীয় অর্থনীতি ও উদীয়মান সবুজ প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তির আওতায়, স্টার ড্রোনস তাদের নিজস্ব ড্রোন ডেলিভারি প্রযুক্তির সঙ্গে বাংলাদেশের ইভি বাইকের সমন্বয় করে একটি আধুনিক ও সমন্বিত ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করেছে। একই সঙ্গে ওমান থেকে মূলধন ও ড্রোন প্রযুক্তি এনে বাংলাদেশে স্থানীয়ভাবে বৃহৎ পরিসরে বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে।

স্টার ড্রোনসের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের পণ্যের মান ও এখানকার উদ্ভাবনী সক্ষমতা তাদের মুগ্ধ করেছে। এটি শুধু বাইক কেনার চুক্তি নয়, বরং মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রযুক্তির সম্প্রসারণ এবং বাংলাদেশে ওমানের যৌথ বিনিয়োগের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ওমান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও মিনিস্টার প্লেনিপোটেনশিয়ারি ফাথিয়া বিনতে আহমেদ আল বালুশি উপস্থিত ছিলেন। এ ছাড়া সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরী, পিটন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী আজগর অপু এবং স্টার ড্রোনসের সিপিও বাসিম আল্লাহ বখশ গোলাম আল-জাদজালি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রোজান দৌলতজাদেহ ও মেকাট্রনিক প্রকৌশলী মোহাম্মদ ফৌজান আম্মার উপস্থিত ছিলেন।

আরএইচটি/জেআই

বিজ্ঞাপন