ঢাকা ট্রাভেল মার্টে ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মেলার স্টল থেকে টিকিট কিনলেই অভ্যন্তরীণ সব রুটে মিলছে ১৫ শতাংশ ছাড়। পাশাপাশি আন্তর্জাতিক রুটের টিকিটে থাকছে ১২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া তিন দিনব্যাপী এই ট্রাভেল মার্ট চলবে ৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত। মেলায় ইউএস-বাংলার স্টল রয়েছে ১ নম্বর প্যাভিলিয়নে।
সরেজমিন ঘুরে দেখা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১ নম্বর প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। স্টলের সামনে দাঁড়িয়ে অনেকে সরাসরি টিকিটের মূল্যছাড় সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন। বিশেষ করে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে ১২ শতাংশ ছাড়ের অফারটি দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। স্টলে থাকা প্রতিনিধিরা আগতদের বিভিন্ন গন্তব্য, সময়সূচি ও প্যাকেজ সম্পর্কে তথ্য দিচ্ছেন। পাশাপাশি নতুনভাবে চালু হতে যাওয়া হলিডে প্যাকেজ নিয়েও অনেকের মধ্যে আগ্রহ দেখা গেছে। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা ভ্রমণ পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন এবং ছাড়ের সুযোগ কাজে লাগাতে টিকিট সংগ্রহ করছেন। সব মিলিয়ে মেলার এই স্টলটি ভ্রমণপ্রেমীদের অন্যতম আকর্ষণবিন্দুতে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, বিশেষ এই অফারটি শুধুমাত্র ট্রাভেল মার্ট চলাকালীন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে। ভ্রমণকে আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ঈদ-পরবর্তী ছুটি, গ্রীষ্মকালীন ভ্রমণ কিংবা বিদেশ সফরের পরিকল্পনায় থাকা যাত্রীদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে।

মেলায় অংশ নেওয়া অন্যান্য এয়ারলাইনস, ট্যুর অপারেটর ও হোটেল ব্র্যান্ডের পাশাপাশি ইউএস-বাংলার এই ডিসকাউন্ট অফারটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ঢাকা ট্রাভেল মার্টে ইউএস-বাংলা এয়ারলাইন্স পার্টনার হিসেবে যুক্ত আছে। ইউএস-বাংলা বরাবরই এই ইন্ডাস্ট্রিকে সহযোগিতা করার চেষ্টা করে। এ বছর মেলায় আগত দর্শনার্থী ও পর্যটকদের জন্য আমাদের বিশেষ কিছু অফার রয়েছে। ট্রাভেল মার্টের দর্শনার্থীরা ইউএস-বাংলার অভ্যন্তরীণ সব ফ্লাইটের টিকিটে ১৫ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে ১২ শতাংশ ছাড় পাবেন। এই অফার মেলা চলাকালীন অর্থাৎ ৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
বিজ্ঞাপন

তিনি বলেন, এই তিন দিন যারা ঢাকা ট্রাবেল মার্ট থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকিট কিনবেন তাদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে ১৫ ও আন্তজার্তিক ফ্লাইটে ১২ শতাংশ ছাড় থাকবে। ট্রাভেল মার্টে শুধু ডিসকাউন্টটা দেওয়া আমাদের মূল্য উদ্দেশ্য না। এই মেলায় আমরা মূলত আমাদের হলিডে প্যাকেজগুলো নতুনভাবে উপস্থাপন করছি। একসময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে এসব প্যাকেজ পরিচালনা করত। কিছু সময় বন্ধ থাকার পর এখন আমরা আবার নতুন পরিকল্পনায় এগোচ্ছি।
তিনি আরও বলেন, বিশেষ করে দেশের বাইরে মালদ্বীপ, ব্যাংকক, সিঙ্গাপুর, দুবাই ও কলকাতাসহ জনপ্রিয় গন্তব্যগুলোতে পুনরায় আমাদের প্যাকেজ চালু করার উদ্যোগ নিয়েছি। যাত্রী ও পর্যটকদের চাহিদা অনুযায়ী এসব প্যাকেজ কাস্টমাইজ করে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ গন্তব্য—কক্সবাজার, সিলেট ও চট্টগ্রাম—এ আমাদের বিদ্যমান প্যাকেজগুলোকে সহজলভ্য ও আকর্ষণীয় করে তোলার কাজ চলছে। আমরা মনে করি, এটি শুধুমাত্র একটি অফার নয়; বরং ইউএস-বাংলার পণ্য ও সেবাগুলোকে মেলার দর্শনার্থীদের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই ট্রাভেল মার্ট চলবে ১১ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এমএসি/এমএসএ
