বিজ্ঞাপন

চট্টগ্রাম বিমানবন্দর এখন অনেক বেশি যাত্রীবান্ধব : পরিচালক

অ+
অ-
চট্টগ্রাম বিমানবন্দর এখন অনেক বেশি যাত্রীবান্ধব : পরিচালক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক নানা উদ্যোগের ফলে যাত্রীসেবার মান বেড়েছে এবং অভিযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন বিমানবন্দরটির পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর। তিনি বলেন, যাত্রীদের অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে বিমানবন্দরটি এখন অনেক বেশি যাত্রীবান্ধব হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) চট্টগ্রাম বোট ক্লাবে অভিবাসীদের কল্যাণ ও পরিসেবা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।

গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, প্রবাসী যাত্রীদের বিদেশে ভাষাগত প্রতিবন্ধকতা কাটাতে এবং বিমানবন্দরে আগত বিদেশগামীদের জন্য কাউন্সেলিং বা মনস্তাত্ত্বিক-সামাজিক সহায়তা জোরদার করা প্রয়োজন। 

তিনি বলেন, যাত্রীসেবা উন্নয়নে ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে তথ্য সহায়তা কেন্দ্র চালু, ফ্রি ওয়াইফাই জোন সম্প্রসারণ, ফ্রি টেলিফোন বুথ, অসুস্থ যাত্রীদের জন্য জরুরি অ্যাম্বুলেন্স সেবা, পুরুষ ও নারীদের জন্য পৃথক নামাজ কক্ষের মানোন্নয়ন, ব্রেস্টফিডিং কর্নার, মিট অ্যান্ড গ্রিট সার্ভিস, হেল্প ডেস্কের উন্নয়ন এবং অনলাইন রেন্ট-এ-কার সার্ভিস চালু।

বিজ্ঞাপন

তিনি নিরাপদ অভিবাসনে প্রত্যাশীর কার্যক্রমের প্রশংসা করে প্রবাসী যাত্রীদের কল্যাণে বিমানবন্দরে এসব কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

প্রত্যাশীর প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি সূফি মনির সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন হেলভেটাস বাংলাদেশের অ্যাডভোকেসি এক্সপার্ট শামায়লা মাহবুব। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমানবন্দরের স্টেশন এয়ার ট্রাফিক অফিসার সাধন কুমার মহন্ত, স্টেশন কমিউনিকেশন অফিসার মোহাম্মদ উল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরীন, উপপরিচালক এনএসআই আরিফ আহমেদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র কুমার চাকমা, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আতিকুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সেমিনারে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান সেবাসমূহ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। এছাড়া প্রত্যাশীর সিম্স প্রকল্প সম্পর্কে ধারণা তুলে ধরেন জেলা সমন্বয়কারী রশিদা খাতুন ও প্রজেক্ট অফিসার মো. নওশাদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সিভিল এভিয়েশন, বিভিন্ন সংস্থা, এয়ারলাইনস, প্রবাসী কল্যাণ ডেস্ক এবং অভিবাসী কর্মীরা উপস্থিত থেকে যাত্রীসেবা উন্নয়নে নানা পরামর্শ দেন।

এমআর/এসএম