বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিমান) পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন নতুন চেয়ারম্যানের রুমি এ হোসেন।
রোববার (২৬ এপ্রিল) বলাকা ভবনে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সংস্থাটির সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, সভায় বিমানের আর্থিক ব্যবস্থাপনা, সেবা উন্নয়ন, বহর সম্প্রসারণ এবং নিরাপত্তা মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পায়। পাশাপাশি সংস্থাটিকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করতে ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন বোর্ড সদস্যরা।
এ সময় পরিচালনা পর্ষদ বিমানের কার্যক্রমে গতি আনতে এবং আন্তর্জাতিকমানের সেবা নিশ্চিত করতে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।
এর আগে শনিবার (২৫ এপ্রিল) এক প্রজ্ঞাপনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন বোর্ড গঠিত হয়। বোর্ডের অন্যান্য পরিচালকরা হচ্ছেন- অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, আইসিএমএবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ল ফার্ম হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ (পদাধিকারবলে)।
এআর/জেডএস
