বিজ্ঞাপন

কুয়েতের আকাশসীমা বন্ধ

ঢাকা থেকে যাওয়া এক ফ্লাইট নামল জেদ্দায়, আরেকটি রিয়াদে

ঢাকা থেকে যাওয়া এক ফ্লাইট নামল জেদ্দায়, আরেকটি রিয়াদে

মধ্যপ্রাচ্যে ইরানের হামলাকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ (বৃহস্পতিবার) ভোরে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয় কুয়েত। এর প্রভাব পড়ে বাংলাদেশ থেকে কুয়েতগামী কয়েকটি ফ্লাইটের ওপর। গন্তব্যে পৌঁছাতে না পেরে দুটি ফ্লাইটকে সৌদি আরবে জরুরি অবতরণ করতে হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, কুয়েত এয়ারওয়েজের কুয়েতগামী ফ্লাইট কেইউ-২৮৪ বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে যায়। তবে কুয়েতের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ফ্লাইটটি গন্তব্যে যেতে পারেনি। পরে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

একই কারণে জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট জে-৯৫৩২–এর যাত্রাও ব্যাহত হয়। ভোর ৫টার দিকে ঢাকা থেকে কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্লাইটটি মাঝপথে কুয়েতের বিমানবন্দর বন্ধের তথ্য পায়। এরপর ফ্লাইটটি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি বিমানবন্দরে অবতরণ করে।

এয়ারলাইনস সূত্রে জানা গেছে, জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটটি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। উড়োজাহাজটির আসনসংখ্যা প্রায় ১৮০। তবে ওই ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিট থেকে এই স্থগিতাদেশ কার্যকর করে।

এক বিবৃতিতে ডিজিসিএ জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং যেকোনো ধরনের হুমকি দূর হলেই আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে এবং স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু হবে।

এআর/এমএন