আগামী ২৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট পুনরায় চালু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, আমরা বলেছিলাম ৩০ জুনের মধ্যে এই রুটে ফ্লাইট শুরু হবে। তবে ৩০ জুনের মধ্যে আমরা করতে পারছি না।
৩০ জুন ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট চালু না করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জাপান সিভিল এভিয়েশন ব্যুরোর কিছু নিরাপত্তাজনিত কারণে সেফটি অডিট চালাতে তাদের ৪৫ দিন প্রয়োজন। আমাদের কারণে বিলম্ব হচ্ছে না। আমরা রেডি ছিলাম। তাদের ৪৫ দিনের কারণে আমাদের আগামী ২৭ জুলাই ফ্লাইটটা চালু করতে হচ্ছে।
বিমান প্রতিমন্ত্রী বলেন, ২০ জুন থেকে আমরা টিকিটটা ওপেন করে দেবো। নারিতা রুটের সব টিকিট বিক্রয় কার্যক্রম শুরু করা সম্ভব হবে, যেটা বিমানের ওয়েবসাইটসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে। এটা ২০ জুন থেকেই থাকবে।
বর্তমানে জাপানে বাংলাদেশের ৪০ হাজারের বেশি শিক্ষার্থী এবং কর্মী রয়েছেন উল্লেখ করে রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। আমরা যখন ফ্লাইটের ব্যাপারে ঘোষণা দেই, তখন জাপানে বসবাসরত বাংলাদেশিরা উচ্ছ্বাস করেছে যে বাংলাদেশের প্লেন আসছে। এমনকি জাপানের যে অ্যাম্বাসেডর এখানে আছেন, তিনিও খুব উচ্ছ্বসিত হয়েছেন যে ডাইরেক্ট ফ্লাইটে যেতে পারবেন।
ঢাকা-নারিতা-ঢাকা রুটে আপাতত একটা ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আমরা ফ্লিট (রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো) বাড়ানোর সাপেক্ষে আমাদের এখানে দুইটা থেকে তিনটা পর্যন্ত ফ্লাইট করতে পারব। আমরা তিনটা ফ্লাইট প্রতি সপ্তাহে করতে পারব ইনশাআল্লাহ।
এর আগে যখন এ রুটে বিমান পরিচালনা করা হতো তখন এটি লাভজনক ছিল না। পুনরায় ফ্লাইট চালুর আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কিনা? জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটা কিন্তু পলিটিক্যাল কারণেই বন্ধ হয়েছে। আমাদের যখন ফ্লাইটটা লাভ করছিল, প্রথমদিকে আমরা কিছু লস করেছি, রান করেছি, ব্রেক ইভেনে এসেছি। তারপর যখন তিন-চার মাস পর পর লাভ হচ্ছিল তখনই কিন্তু ফ্লাইটটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা যাতে সর্বদা লাভ করতে পারি, সেই চিন্তা করে ক্যালকুলেশনটা করে আপনাদের আজকে জানান দেওয়া হচ্ছে।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করে রাখা হয়েছিল, এটা আপনারা সবাই জানেন। আমরা সেটাকেই কিন্তু আবার ফিরিয়ে আনতে চাচ্ছি।
উল্লেখ্য, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের জুলাই থেকে ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই সময় হজ ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়। প্রায় ১ বছর ২ মাস বন্ধ থাকার পর নতুন করে আবারও চালু করার ঘোষণা দিলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এসএইচআর/এসএম
