স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা তৈরির অভিযোগে মামলা দায়ের করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) ঢাকার বিমানবন্দর থানায় এই মামলাটি দায়ের করেন তিনি।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার।
মামলার এজাহার থেকে জানা গেছে, সম্প্রতি বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমানকে প্রথম পক্ষ করে তার স্বাক্ষর জাল করে দ্বিতীয় পক্ষ হিসেবে ফাহাদ হোসেনের সঙ্গে একটি চুক্তিনামা হয়। ওই চুক্তিনামায় বিপিসি চেয়ারম্যান হতে পারলে ফাহাদ হোসেনকে টাকা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। এছাড়া লাবলুর রহমানের নামে একটি সম্মতিপত্র তৈরি করা হয়েছে, সেখানেও লাবলুর রহমানের স্বাক্ষর জাল করা হয়েছে। বিষয়টি অবগত হওয়ার পর তিনি থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে এসএম লাবলুর রহমান বলেন, স্বাক্ষর জাল করে এমন কাজ করা হয়েছে। কখনোই আমি এমন ধরনের গর্হিত কাজ করতে পারি না। আমাকে হেয় করার জন্য একটি চক্র এই কাজ করেছে। আমি এ বিষয়ে আইনের আশ্রয় নিয়েছি। থানা পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।
এআর/জেডএস
