বিজ্ঞাপন

এভিয়েশন.কম.বিডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

এভিয়েশন.কম.বিডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

প্রথম কর্মশালার সফলতার ধারাবাহিকতায় এভিয়েশন.কম.বিডি দ্বিতীয়বারের মতো আয়োজন করল ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ শীর্ষক কর্মশালা।

শনিবার (২৭ জুন) রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৩ জন ভ্রমণ উদ্যোক্তা, অভিজ্ঞ ট্যুর গাইড, পর্যটন পেশাজীবী ও শিক্ষার্থী অংশ নেন।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কর্মশালায় প্রেজেন্টেশন, দলীয় আলোচনা, টিমওয়ার্ক, কেস স্টাডি ও বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি প্রাণবন্ত শিক্ষার পরিবেশ তৈরি করা হয়। কর্মশালায় একজন পেশাদার ট্যুর গাইডের দায়িত্ব, পর্যটক ব্যবস্থাপনা কৌশল, গন্তব্য উপস্থাপন, কার্যকর যোগাযোগ দক্ষতা, গ্রাহকসেবার মান, নিরাপত্তা এবং পর্যটন শিল্পের বর্তমান প্রবণতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন ইনবাউন্ড ট্যুরিজম ও হসপিটালিটি শিক্ষায় প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব, ‘জার্নি প্লাস’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং ‘পাটা’ বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক তৌফিক রহমান। তিনি বলেন, একজন ট্যুর গাইড শুধু দর্শনার্থীদের বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখান না; তিনি একটি গন্তব্যের ইতিহাস, সংস্কৃতি ও গল্পকে জীবন্ত করে তোলেন। সেবার মান উন্নয়ন এবং দেশের পর্যটন শিল্পের বিকাশে পেশাদার প্রশিক্ষণের বিকল্প নেই।

অনুষ্ঠানে ইভেন্ট সাপোর্ট পার্টনার হিসেবে ‘ট্রাভেল ক্যানভাস’ এবং মিডিয়া পার্টনার হিসেবে ‘দি বাংলাদেশ মনিটর’ যুক্ত ছিল।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ‘ট্রাভেল ক্যানভাস’-এর চিফ এডিটর সৈয়দ গোলাম কাদির। তিনি বলেন, একজন ট্যুর গাইড একটি দেশের দূত। একজন বিদেশি পর্যটকের কাছে তিনিই পুরো দেশকে প্রতিনিধিত্ব করেন। তাই দেশের সঠিক পরিচয় তুলে ধরতে গাইডদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে গভীর জ্ঞান থাকা জরুরি।

প্রতিষ্ঠানের প্রকাশক জহিরুল আলম ভূঁইয়া বলেন, ট্যুর গাইড পেশা শুধু একজন গাইড হিসেবেই সীমাবদ্ধ নয়, এটি পর্যটন শিল্পে আরও অনেক পেশাগত সুযোগের দ্বার খুলে দিতে পারে। একজন দক্ষ ট্যুর গাইডের জন্য ভালো যোগাযোগ দক্ষতা, বিশেষ করে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ফার্স্ট এইড, সংকট ব্যবস্থাপনা এবং বিভিন্ন পরিস্থিতিতে নমনীয়ভাবে কাজ করার মতো অতিরিক্ত দক্ষতাও একজন পেশাদার ট্যুর গাইডকে আরও সমৃদ্ধ করে।

এভিয়েশন.কম.বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, আমাদের প্রথম কর্মশালার সাফল্য প্রমাণ করেছে যে ট্যুর গাইডদের জন্য প্রশিক্ষণ ও জ্ঞানভিত্তিক শিক্ষার চাহিদা রয়েছে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ স্থাপন করতে চাই এবং ‘Connect, Collaborate, Promote, Inspire’—এই দর্শনের আলোকে বাংলাদেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

কর্মশালার শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ২৩ জন অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ ও পেশাদার করতে ভবিষ্যতেও এভিয়েশন.কম.বিডি নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ও ব্যবহারিক শিক্ষাভিত্তিক উদ্যোগ গ্রহণ করবে।

জেআই/

বিজ্ঞাপন