দীর্ঘ কয়েক বছর পর আবারও ঢাকা-কাঠমান্ডু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ বছরের সেপ্টেম্বর থেকে এই রুটে পুনরায় ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়েছে তারা।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। এ রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ব্যবহার করবে তারা।
ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও নেপালের মধ্যে ব্যবসা, পর্যটন এবং অন্যান্য কাজে যাতায়াতকারী যাত্রীদের জন্য নতুন বিকল্প তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নেপাল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও সাংস্কৃতিক যোগাযোগও ক্রমেই বাড়ছে। ফলে ইউএস-বাংলার পুনরায় ফ্লাইট চালু হলে যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এআর/এমএসএ
