বিজ্ঞাপন

থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি আগস্ট-সেপ্টেম্বরে : বেবিচক চেয়ারম্যান

থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি আগস্ট-সেপ্টেম্বরে : বেবিচক চেয়ারম্যান

হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় জন্য জাপানিজ কোম্পানি কনসোর্টিয়ামের সঙ্গে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সোমবার (২০ জুলােই) দুপুরে দেশের এভিয়েশন খাত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান আরও সমৃদ্ধকরণ শীর্ষক একটি কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের চেষ্টা চলছে। জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর জানা যাবে পরবর্তী তারিখ। তবে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

তিনি জানান, টার্মিনালের কাজ প্রায় শেষের দিকে। সব ঠিক থাকলে ডিসেম্বরে তারা উদ্বোধন করতে চান। 

এর আগে সকালে বেবিচকের জনসংযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সিভিল এভিয়েশন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান। তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ারসাইড ও ল্যান্ডসাইড অপারেশন, যাত্রীসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি নিরাপদ ও নির্বিঘ্ন বিমান চলাচল নিশ্চিত করতে আধুনিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) মানদণ্ড ও সুপারিশকৃত কার্যপদ্ধতি অনুসরণের গুরুত্বও তুলে ধরেন।

এসময় সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান বলেন, হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফ, জমজমের পানি বিতরণ, নামাজের পৃথক স্থান, বিশুদ্ধ খাবার পানি, ওয়াশরুম ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা, ট্রলি, চেয়ার ও কিউ বেল্ট সরবরাহ, মশা নিধন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে হজযাত্রীদের যাত্রাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করতে বেবিচক নিরলসভাবে কাজ করেছে।

উপস্থিত বেবিচকের সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর কার্যক্রম, আকাশপথে বিমান চলাচল ব্যবস্থাপনা, এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট (এটিএফএম), রেডিও ও ন্যাভিগেশন এইডস, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)-এর বিভিন্ন ক্যাটাগরি, অ্যারোনটিক্যাল লাইটস, অবস্ট্যাকল লিমিটেশন সারফেস (ওএলএস), এয়ারফিল্ড ওরিয়েন্টেশন, এয়ারফিল্ডে বিমান পরিচালনার বিভিন্ন দিক এবং অপারেশন চলাকালে জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন সেশনে তারা বিমানবন্দর পরিচালনা, বিমান নিরাপত্তা, এয়ার ট্রাফিক অপারেশন, যাত্রীসেবা, আন্তর্জাতিক মানদণ্ড এবং বেসামরিক বিমান চলাচল খাতের বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশ্ন করেন। বেবিচক চেয়ারম্যানসহ সংস্থাটির সদস্যরা সাংবাদিকদের প্রশ্নের বিস্তারিত উত্তর দেন এবং এভিয়েশন খাতের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন। 

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এআর/জেডএস