প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে প্রায় ২৮ ঘণ্টা ধরে আটকা পড়ে আছেন কানাডার টরন্টো এবং রোম থেকে ঢাকাগামী যাত্রীরা। যাত্রীদের এই অপেক্ষা আরও দীর্ঘ হতে যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিমানের এয়ারক্রাফটটি মেরামতে বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়াররা রোমের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
শুক্রবার (৭ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার সময় ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শনিবার (৮ আগস্ট) দুপুর পর্যন্ত ফ্লাইটটি উড্ডয়ন করেনি।
ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বশেষ জানায়, ফ্লাইটটি বর্তমানে গ্রাউন্ডেড (উড্ডয়নের অনুপযোগী) অবস্থায় রয়েছে।
কারিগরি ত্রুটি সমাধানের জন্য প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ আগস্ট ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে। ফ্লাইটটি রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, কারিগরি ত্রুটি সমাধান সম্পন্ন হলে শনিবার ইতালির স্থানীয় সময় রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
বিমানের দেওয়া সময়সূচি অনুযায়ী যাত্রীদের মোট ৪০ ঘণ্টার মতো রোম বিমানবন্দরে অপেক্ষা করতে হবে। ফ্লাইটে ২৬০ যাত্রীর মধ্যে বাংলাদেশি ছাড়াও ইতালি ও কানাডার নাগরিক রয়েছেন।
শুক্রবার কানাডার টরন্টো থেকে ঢাকায় আসার আগে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল।
এআর/এসএএস
