বৈরী আবহাওয়ার কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবতরণে ব্যর্থ হয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের (এমইউ-৯৬১৭) একটি যাত্রীবাহী ফ্লাইট দুই দফায় ঢাকায় নামতে বাধ্য হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে কাঠমান্ডুতে অবতরণ করতে পারেনি ফ্লাইটটি। শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো সম্ভব না হওয়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে আনতে বাধ্য হন পাইলট।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার ১১৬ জন যাত্রী ও ক্রু নিয়ে চীনের কুনমিং বিমানবন্দর থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। আকাশপথে নেপাল সীমানায় পৌঁছানোর পর হঠাতই কাঠমান্ডু বিমানবন্দরের চারপাশের আবহাওয়া চরম প্রতিকূল হয়ে ওঠে। দীর্ঘক্ষণ আকাশে চক্কর কেটেও অবতরণের নিরাপদ পরিবেশ না মেলায় আকাশপথ নিয়ন্ত্রণ কক্ষের নির্দেশে ফ্লাইটটিকে ঘুরিয়ে দেওয়া হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে।
প্রথম দফায় বিকেল সোয়া ৫টার দিকে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করে। এরপর কাঠমান্ডুর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার আভাস মিললে প্রয়োজনীয় জ্বালানি ভরে ও প্রস্তুতি সেরে উড়োজাহাজটি ফের কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়ে।
কিন্তু দ্বিতীয় দফাতেও কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছানোর পর একই তীব্র বৈরী আবহাওয়ার মুখে পড়ে ফ্লাইটটি। বহু চেষ্টা করেও অবতরণ সম্ভব না হওয়ায় রাতে দ্বিতীয়বারের মতো সেটিকে ফিরিয়ে আনা হয় ঢাকায়। শেষ পর্যন্ত রাত সাড়ে ১১টার দিকে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
আবহাওয়া স্বাভাবিক হওয়া সাপেক্ষে পরবর্তী সুবিধাজনক সময়ে ফ্লাইটটি পুনরায় কাঠমান্ডুর উদ্দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ ও চায়না ইস্টার্নের যৌথ উদ্যোগে ১১৬ জন যাত্রী ও ক্রুর জন্য রাজধানীর একটি হোটেলে সাময়িক থাকার ব্যবস্থা করা হয়েছে। ফ্লাইটটি এখনো কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়নি।
এআর/এমএন
