বিজ্ঞাপন

যাত্রীসেবার মানোন্নয়নে বেসামরিক বিমান চলাচল বিধিমালায় বিধান যুক্ত হবে

যাত্রীসেবার মানোন্নয়নে বেসামরিক বিমান চলাচল বিধিমালায় বিধান যুক্ত হবে

যাত্রীসেবার মানোন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক বিমান চলাচল বিধিমালায় প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বিধিমালার খসড়া চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, দীর্ঘ ৪২ বছর পর আজ বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪ সংশোধন করে নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬ প্রণয়ন করার জন্য আমরা একত্রিত হয়েছি। বর্তমান সরকার বেসামরিক বিমান খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। তাই আমাদের নতুন বিধিমালা অবশ্যই ব্যবসা ও বিনিয়োগবান্ধব হতে হবে।

উপস্থিত এয়ারলাইন্সের প্রতিনিধিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারাই আমাদের মূল অংশীজন। তাই বিনিয়োগ সহজীকরনের লক্ষ্যে বিধিমালা তৈরিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

মন্ত্রী বলেন, বেসরকারি এয়ারলাইন্সের সুবিধা বিবেচনায় নিয়ে বিমান রক্ষণাবেক্ষণ সুবিধার বিধানে সংশোধন আনার উদ্যোগ নেওয়া হবে। তাছাড়া বিমানের জটিল যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ, মেরামত ওভারহলের ক্ষেত্রে জটিলতা নিরসনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, বিমানবন্দরের ভৌত অবকাঠামোর অগ্নি নিরাপত্তা নিশ্চিতে ৩ মাস অন্তর পরিদর্শন মহড়া আয়োজন করতে হবে। দেশি-বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের সুবিধার্থে আমরা একটি আন্তর্জাতিক মানের মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়েছি। আপনাদের সহযোগিতায় আমাদের এভিয়েশন হাব তৈরির লক্ষ্য পূরণ হবে বলে আশা রাখি।

এছাড়া বেসরকারি উদ্যোগে বেসামরিক বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণের প্রক্রিয়া সহজীকরনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বেসরকারি এয়ারলাইন্সের পক্ষ থেকে উপস্থিত কর্মকর্তাদের সামনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। সভায় নতুন বিধিমালা প্রণয়নে প্রস্তাবিত ধারাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেবিচক-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ সরকারি-বেসরকারি অংশীজন উপস্থিত ছিলেন।

এসএইচআর/এসএম