বিজ্ঞাপন

ঢাবির হলে যুবক হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুঃখ প্রকাশ

ঢাবির হলে যুবক হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুঃখ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন তোফাজ্জল নামের এক ‘ভারসাম্যহীন’ যুবক। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে সংঘটিত অমানবিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখিত ও মর্মাহত। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রক্টরিয়াল টিম বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে কালবিলম্ব না করে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

এতে আরও বলা হয়, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দ্রুততম সময়ে প্রতিবেদন প্রদানের জন্য ইতোমধ্যে সাক্ষ্য গ্রহণ শুরু করেছে। সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের ও পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব মহলকে আশ্বস্ত করা যাচ্ছে যে, এ বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর।

কেএইচ/এসএম