ঢাবিতে কালচারাল হেরিটেজ বিষয়ক আলোচনা সভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “২০২৫ আইসিএইচ ইউথ নেটওয়ার্ক” ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ বিষয়ক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি এবং ইউনেস্কো আইসিএইচক্যাপ কো-অপারেশন অ্যান্ড নেটওয়ার্কিং অফিসের পরিচালক চা বোইয়াং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাইফুর রশীদ।
তরুণ প্রজন্মের মধ্যে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এ বিশেষ লেকচারের লক্ষ্য। নতুন প্রজন্মের কাছে সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও দৃঢ়ভাবে পৌঁছে দিতে ইউনেস্কো। সিএইচক্যাপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনায় বিশেষজ্ঞরা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনট্যানজিবল কালচারাল হেরিটেজে অন্তর্ভুক্ত মূল ধারণাগুলোর মধ্যে রয়েছে—সম্প্রদায়ের বিশ্বাস, রীতিনীতি, পারফরম্যান্স, সামাজিক উৎসব, কারুশিল্প, পারিপার্শ্বিক জ্ঞান ও পরিবেশ সংরক্ষণে ব্যবহৃত ঐতিহ্যসমূহ। এই ঐতিহ্যগুলো প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়ে সমাজের সংস্কৃতি ও সামাজিক সংহতি বজায় রাখে। তবে বিশ্বায়নের প্রভাবে অনেক ঐতিহ্য বিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছে। তাই এগুলো সংরক্ষণে তরুণ প্রজন্মের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
এসময় বক্তারা বলেন, নৃবিজ্ঞান বিভাগে এই উদ্যোগ তরুণ প্রজন্মের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের গুরুত্ব বুঝতে পারবে এবং বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণে উদ্বুদ্ধ হবে।
বর্তমানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৮টি দেশের ইউনেস্কোর ৩ সদস্যের একটি ব্যুরোর সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিত্ব করছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও “২০২৫ আইসিএইচ ইউথ নেটওয়ার্ক” আলোচনা সভার উদ্যোক্তা ড. সাইফুর রশিদ।
তিনি বলেন, ইতোমধ্যে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য এর শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নৃবিজ্ঞান বিভাগে একাধিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠা করা হয়েছে ভিজ্যুয়াল এনথ্রোপোলজি ল্যাব, ভিজ্যুয়াল এনথ্রোপোলজি ক্লাব ও আইসিএইচ ইয়ুথ ক্লাব। ইউনেস্কো-আইসিএইচক্যাপের (দক্ষিণ কোরিয়া) সহযোগিতায় পরিচালিত হচ্ছে ৩ বছর মেয়াদি একটি গবেষণা।
তিনি আরও বলেন, বিভাগ কর্তৃক আগামী বছর সাংস্কৃতিক ঐতিহ্যের একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজনের প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয়ের তরুণদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের সাংষ্কৃতিক ঐতিহ্য রক্ষায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে বিভাগের। প্রত্যেক দুই বছর পর পর এশিয়া প্যাসিফিক অঞ্চলের আইসিএইচ ইন্টারন্যাশনাল ফিল্ডে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করছে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ সামাজিক ঐক্য গড়ে তুলতে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, এক্ষেত্রে তরুণ প্রজন্মকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই বক্তৃতামালা আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে বিশেষজ্ঞরা পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে এই বক্তৃতামালা সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইউনেস্কো ঢাকা অফিসের সংস্কৃতি বিভাগের প্রধান কিজি তাহনিন, ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ এবং ইউনেস্কোর কো-অপারেশন অ্যান্ড নেটওয়ার্কিং অফিসের পরিচালক চা বোইয়াং পৃথক বিষয়ে বিশেষ বক্তব্য দেন।
এসএআর/এসএম