বিজ্ঞাপন

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১১ সেপ্টেম্বর

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১১ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে সিনেট ভবনে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, জাকসুর গঠনতন্ত্রের ৮(খ) ধারা অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তফসিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রমের সময়সূচি

  • ১০ আগস্ট, ২০২৫ খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ।
  • ১৪ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ।
  • ১৭ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ।
  • ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা।
  • ২১ থেকে ২৪ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই।
  • ২৫ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ।
  • ২৬ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্রের বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ।
  • ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আপিলের শুনানি গ্রহণ এবং বিকেল ৪টায় আপিলের রায় ঘোষণা।
  • ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।
  • ২৯ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
  • ২৯ আগস্ট বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা।
  • ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ। পরে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের সদস্য ও জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং ২১টি আবাসিক হলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন উপস্থিত ছিলেন।

মেহেরব হোসেন/এএমকে

বিজ্ঞাপন