বেরোবিতে ছয় দিনের ছুটি ঘোষণা, খোলা থাকবে হল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ ও ভোট প্রদানের সুবিধার্থে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছয় দিন ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা থাকবে হল।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত ১১৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক এহতেরামুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আগামী ৯ ও ১০ ফেব্রয়ারি ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা যথারীতি চালু থাকবে। এতে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় বেরোবি শিক্ষার্থীরা ছয় দিনের ছুটি পাচ্ছে।
বেরোবি প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, আপাতত আমরা হলগুলো বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে আমাদের প্রক্টোরিয়াল বডি সামনে জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হবে।
রিপন/এসএম