ভোট দিতে যাওয়া শিক্ষার্থীদের বাস না দেওয়ায় চবির প্রধান ফটকে তালা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন প্রান্তে ভোট দিতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য বাস না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছে চাকসুর প্রতিনিধিরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেন চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান।
জানা যায়, গত তিন দিন ধরে শিক্ষার্থীদের বাস সুবিধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করছেন চাকসুর প্রতিনিধিরা। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রশাসনের সাথে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন ভিপি, জিএস, যোগাযোগ ও আবাসন সম্পাদক ও নির্বাহী সদস্যের সমন্বয়ে একটি টিম। এই বৈঠকে বাস দিতে রাজি হয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে চাকসু প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের একটি শাটল ট্রেন ঢাকা পর্যন্ত যেতে অনুমতি দেওয়ার দাবি জানান। এতেও সম্মতি না দিয়ে ঢাকাগামী চট্টগ্রাম রেলস্টেশন থেকে চট্টগ্রাম মেইল ট্রেনে ২টি বগির ব্যবস্থা করে প্রশাসন ও চাকসু প্রতিনিধিরা।
এ বিষয়ে চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান বলেন, আমরা বাসের জন্য চট্টগ্রামের বিভিন্ন কাউন্টারে যোগাযোগ করেও বাস পাচ্ছি না। ভাড়া ডাবল করে আমরা ২টা বাসের ব্যবস্থা করেছি। আমাদের প্রায় ১৯টি বাস প্রয়োজন। ১ হাজার ৭০ শিক্ষার্থী যাওয়ার জন্য নিবন্ধন করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরে পর্যাপ্ত বাস রয়েছে। নির্বাচনকালে বাসগুলো বন্ধ থাকবে।
চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, গত পরশু দিন থেকে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস দিতে রাজি হয়নি। তারা বলছে, শিক্ষার্থীরা নাগরিক অধিকার প্রয়োগ করতে যাবে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন বাস দেবে? আমরা বাসের তেল খরচও দিতে চেয়েছি তারপরও প্রশাসন রাজি হয়নি।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ ইয়াহিয়া আখতার ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে একাধিকবার ফোন দিয়েও তাদের সাড়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দিয়েছে। এটা এখনো বন্ধ রয়েছে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আবার কথা বলতে গিয়েছে।
আতিকুর রহমান/আরএআর