রমজান উপলক্ষ্যে আলোকসজ্জায় ঢাবির হলগুলোতে উৎসবের আমেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাতে সেজেছে বর্ণিল আলোকসজ্জা ও রঙিন ব্যানারে। আত্মশুদ্ধি, সংযম ও সম্প্রীতির এই মহিমান্বিত মাসকে ঘিরে পুরো ক্যাম্পাসে তৈরি হয়েছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরেজমিনে ঘুরে দেখা যায়, বিজয় একাত্তর হল, জিয়াউর রহমান হল, শহীদ ওসমান হাদি হল (প্রস্তাবিত), হাজী মোহাম্মদ মুহসিন হলসহ বিভিন্ন আবাসিক হলের প্রবেশদ্বার ও অভ্যন্তরে ঝলমলে আলোকসজ্জা।
গেটজুড়ে শোভা পাচ্ছে রমজানের শুভেচ্ছাবার্তা। ঐতিহ্যবাহী চাঁদ-তারা, মসজিদের মিনার ও ইসলামী নকশায় সাজানো হয়েছে হলের প্রবেশপথ। ঝোলানো হয়েছে রমজান থিমের ব্যানার ও ফেস্টুন।

রমজান শুরুর আগমুহূর্তেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের হল সংসদের উদ্যোগে এ সাজসজ্জার আয়োজন করা হয়, যা ইতোমধ্যে ক্যাম্পাসে ইতিবাচক সাড়া ফেলেছে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আয়োজন না থাকলেও হল সংসদের প্রচেষ্টায় তারা স্বতঃস্ফূর্তভাবে সম্মিলিত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
শহীদ ওসমান হাদি হলের (প্রস্তাবিত) আবাসিক শিক্ষার্থী সোহাগ হোসেন বলেন, প্রতিবছরই রমজানে হলে ভিন্ন এক আবহ তৈরি হয়। তবে এবারের সাজসজ্জা সত্যিই ব্যতিক্রম। আমরা চাই, রমজান ছাড়াও জাতীয় ও সাংস্কৃতিক দিবসগুলোতেও এমন সৃজনশীল উদ্যোগ দেখা যাক।
ঢাবির সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ হাবিব বলেন, হলগুলোতে রমজান উপলক্ষ্যে উৎসবের আমেজ মন ভালো করে দেয়। পরিবার থেকে দূরে হলের বাকিদের সাথে আনন্দ ভাগাভাগি এবং বর্ণিল রঙে সুসজ্জিত হল অন্য রকম অনুভূতি দেয়।
শহীদ ওসমান হাদি হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির বলেন, বরাবরের মতোই রমজান উপলক্ষ্যে হলগুলোতে আলোকসজ্জা করা হচ্ছে। তবে এবারেরটা একটু ব্যতিক্রম। হল সংসদের নেতৃবৃন্দ বিভিন্নভাবে স্পন্সর ম্যানেজ করে যতটা সম্ভব উৎসবমুখর পরিবেশ তৈরি করতে চেষ্টা করেছেন।
এসএআর/এসএসএইচ