পদত্যাগ চেয়ে আবেদন করলেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ চেয়ে আবেদন করেছেন। আবেদন গৃহীত হলে তিনি উপাচার্যের দায়িত্ব ছেড়ে শিক্ষকতায় ফিরবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (২২ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগের আবেদনপত্র শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে হস্তান্তর করেন উপাচার্য। আবেদনপত্রে তিনি জানান, উপাচার্যের দায়িত্ব ছেড়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক পদে ফিরতে চান।
এ সময় শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, শিক্ষা ও গবেষণার উন্নয়নে করণীয়সহ বিভিন্ন বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং এক্ষেত্রে তাঁর সহযোগিতা কামনা করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী দেশের ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপাচার্যকে বিশেষ ধন্যবাদ জানান।
এর আগে সকালে উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ ঢাকা পোস্টকে জানিয়েছিলেন, ‘উপাচার্য নিয়াজ আহমদ খান শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।’ ফলে তিনি পদত্যাগ করেছেন মর্মে ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে ঢাবি উপাচার্য এখনো তার দায়িত্বে আছেন এবং পদত্যাগের অবেদনপত্র গৃহীত হওয়া পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।
এসএআর/জেডএস