নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, বিচারের দাবিতে জকসুর বিক্ষোভ

নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণের পর ১৫ বছর বয়সী কিশোরীকে হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। একই সাথে সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার বিচারও চেয়েছে জকসু।
শুক্রবার (২৭ ফেব্রয়ারি) জুমার নামাজ শেষে জকসুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে জকসু ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ বিচার চেয়ে বক্তব্য প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, “পুলিশ প্রশাসন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাঁধা দিচ্ছে; মোরাল পুলিশিং করছে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও ধর্ষণের ঘটনায় পুলিশকে পাওয়া যাচ্ছে না। সরকার প্রশাসন এসব মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। এদেশে সবাই যেন বাঁচতে পারে, সেই নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”
জকসু সদস্য ও জবি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার বলেন , “নরসিংদীর এই ধর্ষণ-হত্যা দীর্ঘদিনের বিচারহীনতার নগ্ন বহিঃপ্রকাশ। প্রত্যেক নাগরিকের দলের পরিচয় ব্যতিরেকে ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। প্রত্যেককে ঘটনার ন্যায়বিচার কমনা করছি।”
জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, “ধর্ষকের রাজনৈতিক পরিচয় নাই। ধর্ষককে শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ প্রশাসন ন্যায্য দাবি ও মজলুমের বিরুদ্ধে কাজ করেছে। তারা পোশাক পরিবর্তন করলেও চরিত্র পরিবর্তন করে নাই। আগে দেখলাম সামান্য বিষয় নিয়েও প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতে হতো। এখনো কেন সবকিছুর জন্য প্রধানমন্ত্রীর কাছে চাইতে হবে।এখন স্বাধীন বিচার বিভাগ কোথায়? আপনারা মসজিদ, মন্দির সহ সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন।”
জকসুর ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “আমরা এমন একটা দেশে বসবাস করি, যেখানে বারবার সরকার পরিবর্তন হয়। কিন্তু দেশের কাঠামো পরিবর্তন হয়না। আমরা জুলাই অভ্যুত্থান করেছিলাম,এমন একটা দেশে পেতে যেখানে সবাই সমান বিচার পাবে। বিভিন্ন জায়গায় ধর্ষণ-খুন চলছে। আগস্ট পরবর্তী সময়ে পাথর দিয়ে মানুষ হত্যা, লোহার রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারা হয়েছে, যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় পিটিয়ে হত্যা করা হয়েছে। কোনো বিচার হচ্ছে না। এমন চলতে থাকলে,আমরা আবারও আইয়মে জাহেলিয়াতে চলে যাব। প্রধানমন্ত্রীকে বলছি, আপনার নাম ভাঙ্গিয়ে যেসব গুন্ডারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় আবারো এদেশের জনগণ রাস্তায় নেমে আসবে। আপনারা বহিস্কার বহিস্কার খেলছেন।বহিস্কার কোনো প্যানাল কোডের শাস্তি হতে পারে না।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জকসু ভিপি আরও বলেন, “আমাকেও মেরে ফেলা হতে পারে। দুদিন পর বুড়িগঙ্গায় আমার লাশ পাওয়া যেতে পারে। তার হত্যার বিচার হবে কিনা কেউ জানে না। হাদী ভাইয়ের মতো বলতে চাই, আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলবেন।”
দুইদিন আগে নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে।সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি সরিষা খেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এমএল/এমটিআই