শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঢাবি ছাত্রশিবিরের তীব্র নিন্দা

নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত শিশু ধর্ষণ, নির্যাতন, হত্যা ও সহিংসতার ঘটনায় গভীর শোক, তীব্র উদ্বেগ ও কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন প্রেরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
যৌথ বিবৃতিতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিক বলেন, নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার বাবার কাছ থেকে অপহরণ করে নির্মমভাবে হত্যার ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে। বিচার প্রার্থনার কারণে একটি পরিবারকে হুমকি, এলাকা ছাড়ার চাপ এবং শেষ পর্যন্ত এমন নৃশংস পরিণতির শিকার হতে হওয়া দেশের আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতার প্রতিচ্ছবি।
নেতারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা জঘন্য ফৌজদারি অপরাধ এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান। পাশাপাশি কোনো প্রভাবশালী মহল, স্থানীয় দাপট বা রাজনৈতিক ছত্রছায়া যেন বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, কেবল দৃষ্টান্তমূলক শাস্তিই যথেষ্ট নয়; নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতা বৃদ্ধি, দ্রুত বিচার প্রক্রিয়া জোরদার এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। অন্যথায় এ ধরনের অপরাধ সমাজে ভয়, অনিশ্চয়তা ও অবিচারের সংস্কৃতিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেবে।
এসএআর/এমএন