জাবি ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনে অভিযুক্ত তারিকুলের শাস্তি দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম আবর্তনের এক ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনে অভিযুক্ত তারিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।
রোববার (১ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘অমর একুশে’ ভাস্কর্যের পাদদেশে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি অমর একুশের পাদদেশ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক, শহীদ মিনার ও নতুন কলা ভবন প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মানববন্ধনে সংহতি জানিয়ে ভুক্তভোগীর সহপাঠী তানজিবা নাহিয়ান অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার দাবি করেন। তিনি বলেন, কঠোর বিচার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এমন জঘন্য অপরাধ করার সাহস আরও অনেকেই পাবে। আমরা এই ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।
একই বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাদিকা আফরিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি এই মামলার সাথে সংশ্লিষ্ট সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন কোনো ধরনের হেনস্তা বা চাপের মুখে না পড়েন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হরে কৃষ্ণ কুন্ডু এ ঘটনাকে ‘মর্মান্তিক ও নিন্দনীয়’ উল্লেখ করে বলেন, ঘটনার রাতেই বিভাগের শিক্ষকরা ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছিলেন এবং চিকিৎসার পর তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে অভিযুক্তের সনদপত্র বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে আমরা স্বাগত জানাই।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ভুক্তভোগী ইতোমধ্যে থানায় মামলা করেছেন। তবে অভিযোগ পাওয়া গেছে যে, অভিযুক্ত ব্যক্তির পরিবার ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, যা তার মানসিক অবস্থাকে আরও বিপর্যস্ত করে তুলছে। অবিলম্বে পুলিশ প্রশাসনের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একটি হলের সামনে থেকে ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল করে পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় নিয়ে নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
আরএআর