চবিতে ছাত্রীদের নিয়ে ছাত্রদলের ইফতার, অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় ১ হাজার ছাত্রীর জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে ছাত্রদল। তবে এই ইফতার মাহফিলে অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রীরা। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সরজমিনে দেখা যায়, চবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে ছাত্রীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। তবে ইফতারের সময় ঘনিয়ে আসতেই অব্যবস্থাপনা চোখে পড়ে। নির্ধারিত সময়ে ইফতার দিতে না পারায় উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রী ইফতার না নিয়ে ফিরে যান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনা চলছে।
ক্ষোভ জানিয়ে নাম প্রকাশ না করার শর্তে বিজয়-২৪ হলের এক ছাত্রী বলেন, আমি আমার জীবনে এত বাজে ইফতার দেখি নাই। আমি এখন যে ইফতার করতেছি তাও ছাত্রদলের পক্ষ থেকে না, শামসুন্নাহার হল থেকে কিনে এনে করতেছি। তারা যেহেতু ম্যানেজমেন্ট করতে পারে না, তাহলে এত বড় আয়োজন কেন করবে? তারা দেড় হাজার ছাত্রীকে ইফতার দেওয়ার কথা বলেছে। কিন্তু আমি এখানে তো দেড় হাজার শিক্ষার্থী পাইনি, তাহলে ইফতারগুলো গেল কোথায়?
এদিকে ইফতার মাহফিলে অব্যবস্থাপনা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন।
তিনি লেখেন, প্রত্যাশার তুলনায় অধিক উপস্থিতির কারণে যদি কেউ ইফতার থেকে বঞ্চিত হয়ে থাকেন, সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ রইলো। ভবিষ্যতে আরও সুশৃঙ্খল, পরিপূর্ণ ও পরিকল্পিত আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করছি।
আতিকুর রহমান/আরএআর