দায়িত্ব ছাড়ার ব্যাপারে এখনো সরকারের অনুমতি পাইনি : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান জানিয়েছেন, উপাচার্যের দায়িত্ব ছাড়ার বিষয়ে তিনি এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমতি পাননি। বিষয়টি প্রক্রিয়াধীন উল্লেখ করে তিনি বলেন, এই পরিবর্তন অত্যন্ত জটিল এবং এটি নিখুঁতভাবে সম্পন্ন করতে সরকারের কিছুটা সময় প্রয়োজন। তাই তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইফতার মাহফিল পরবর্তী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের সম্মানে এই মাহফিলের আয়োজন করা হয়েছিল।
নিজের বর্তমান অবস্থান ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে উপাচার্য বলেন, ‘আজ থেকে দেড় বছর আগের অবস্থার সঙ্গে যদি তুলনা করি, তাহলে বলা যায় আমাদের পারস্পরিক সম্পর্কের একটি ভালো উদাহরণ গত দেড় বছরে তৈরি হয়েছে। শান্তি ও সম্প্রীতির একটি ভালো উদাহরণ তোমরা সৃষ্টি করেছ।’ নিজের বিদায়ি সুর টেনে তিনি আরও বলেন, ‘আমি এখন পড়ন্ত বিকেলের পরিব্রাজক। আমি তোমাদের দোয়া চাই এবং তোমাদের জন্যও দোয়া করি।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ বলেন, রমজান আমাদের ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। মত ও পথের ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে চলার মধ্যেই ঐক্য নিহিত।
তিনি আরও বলেন, ‘আমরা সবাই এমন একটি বিশ্ববিদ্যালয় চাই, যা পরিচালিত হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং মেধার ভিত্তিতে। মতের ভিন্নতা থাকলেও আমাদের মধ্যে যে ঐক্যমত্য রয়েছে, সেটিই সৌন্দর্য। আমরা এই সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে চাই।’
ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের সভাপতিত্বে এবং জিএস এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, ডাকসুর ট্রেজারার অধ্যাপক মোশাররফ হোসেনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ছাত্রসংগঠনের কেন্দ্রীয় নেতারা।
এসএআর/বিআরইউ