৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাবির সাবেক ছাত্রসহ আটক দুই

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের চানখারপুল মোড়ে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ডবক্সে বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রসহ দুইজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চানখারপুল মোড় থেকে তাদের আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে দুটি সাউন্ডবক্সে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাউন্ডবক্সগুলো জব্দ করে এবং সেগুলোর অপারেটরকেও আটক করে থানায় নিয়ে যায়।
আটক হওয়া সাবেক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
চানখারপুল মোড়ের এক দোকানদার বলেন, বিকেল তিনটার দিকে দোকান বসিয়েছি। তখন দেখি দুজন লোক এসে ভাষণ বাজাচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের নিয়ে যায়।
তাদেরকে কেন আটক করা হয়েছে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধ। তাই তাদের যেকোনো কার্যক্রমও নিষিদ্ধ'।
এসএআর/জেডএস