ইমির নেতৃত্বে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে শাহবাগে উত্তেজনা

রাজধানীর চানখাঁরপুল মোড়ে সাউন্ডবক্সে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে শাহবাগ থানার বিপরীতে জাতীয় জাদুঘরের ফটকের সামনে ৭ মার্চের ভাষণ বাজানো শুরু হয়।
এ সময় একটি রিকশায় স্থাপিত সাউন্ডবক্সে শেখ মুজিবের দেওয়া ভাষণ বাজতে শোনা যায়। সেখানে ইমিসহ বামপন্থি ছাত্রসংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলের আশপাশে পুলিশ উপস্থিত থাকলেও শুরুতে কর্মসূচিতে বাধা দিতে দেখা যায়নি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব মুছে ফেলা যাবে না। আজ সৈকতকে আটকের প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করছি।
এর কিছুক্ষণ পর একদল শিক্ষার্থী এসে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাইক বহনকারী রিকশাটি সরিয়ে দেয় এবং মাইক খুলে ফেলারও চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে এসে সংশ্লিষ্টদের শাহবাগ থানায় নিয়ে যায়।
পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। এ সময় তারা ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ এবং ‘ছাত্রলীগের চামড়া, তুলে নেব আমরা’ সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, আটক হওয়া আসিফ আহমেদ সৈকত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ১৫ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাতেও সৈকত জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ৭ মার্চের ভাষণের আড়ালে ক্যাম্পাসে আবার ছাত্রলীগের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।
এর আগে, শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শহিদুল্লাহ হল শাখা ছাত্রলীগের কর্মসংস্থানবিষয়ক সম্পাদক আসিফ আহমেদ সৈকতকে চানখাঁরপুল এলাকা থেকে সাউন্ডবক্সসহ আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।
এসএআর/এএমকে