নারী অধিকার ও সমতার বার্তা নিয়ে ঢাবিতে পথনাটক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারী অধিকার, মর্যাদা ও সমতার বার্তা ছড়িয়ে দিতে পথনাটকের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।
রোববার (৮ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মঞ্চস্থ হয় পথনাটক ‘শিকল ভাঙার গান’।
সাম্প্রতিক সময়ে দেশে নারীদের প্রতি ঘটে যাওয়া খুন, ধর্ষণ, সহিংসতা এবং মানবিক মূল্যবোধের ক্রমাগত অবক্ষয়ের প্রেক্ষাপটে নাটকটি বিশেষ তাৎপর্য বহন করে। পথনাটকের মাধ্যমে সমাজে নারীর নিরাপত্তাহীনতা, বৈষম্য এবং প্রতিনিয়ত চলমান সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরা হয়।
নাটকের বিভিন্ন দৃশ্য ও সংলাপে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, সমতার দাবি এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়। একইসঙ্গে দর্শকদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার বার্তাও তুলে ধরা হয়।
প্রাণবন্ত অভিনয়, শক্তিশালী সংলাপ এবং প্রতীকী উপস্থাপনার মাধ্যমে পথ নাটকটি উপস্থিত দর্শকদের গভীরভাবে ভাবিয়ে তোলে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ দর্শক উপস্থিত থেকে আয়োজনটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, সমাজে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও নারীর প্রতি সম্মান প্রতিষ্ঠায় সংস্কৃতি একটি শক্তিশালী মাধ্যম। সেই লক্ষ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন অব্যাহত রাখবে।
এসএআর/জেডএস