ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আড়াই হাজার শিক্ষার্থীর গণ-ইফতার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনার স্মরণে আড়াই হাজার শিক্ষার্থী নিয়ে দোয়া মাহফিল ও গণ-ইফতার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) ছেলেদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠ এবং মেয়েদের জন্য উম্মুল মুমেনিন আয়েশা সিদ্দিকা হলে এ আয়োজন করেন তারা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আলোচনা, নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং দুই হাজার পাঁচশ শিক্ষার্থীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তারা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস কুরআন অবতীর্ণের মাস। কোরানের কারণেই এই মাস সম্মানিত হয়েছে। আমাদেরকে বেশি বেশি কুরআন অধ্যয়ন করতে হবে এবং সে অনুযায়ী জীবনযাপন করতে হবে। তাহলেই আমরা দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারব। যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইসলামকে ধারণ করতে পারি, তাহলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, আমাদের রিজিকের ফয়সালা দুনিয়াতে নয়; বরং রিজিকের ফয়সালা উপর থেকে হয়ে থাকে। তাই আমাদেরকে পড়াশোনার পাশাপাশি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। বিশেষ করে তাহাজ্জুদের নামাজে অশ্রু ফেলে আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে। সবশেষে হত্যাকাণ্ডের শিকার হওয়া শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এসময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ইউসুব আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি। অতিথি হিসেবে ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর'র পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিমুদ্দিন।
এসএইচএ