ঈদের ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

পবিত্র ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও পবিত্র শব-ই- কদর উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে। এ সময়ে সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশ করার জন্য আইডি কার্ড সাথে রেখে প্রবেশ করতে হবে।
রিপন শাহরিয়ার/এসএইচএ