চবির ২ হাজার শিক্ষার্থীকে নিয়ে তুর্কিয়ে দিয়ানেতের ইফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হাজার শিক্ষার্থীকে নিয়ে তুর্কিয়ে দিয়ানেত ফাউন্ডেশন উদ্যোগে ও কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সমন্বয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান প্রমুখ।
ইফতার মাহফিলে সিয়ামের তাৎপর্য ও আলোচনা শীর্ষক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আব্দুল কাদের।
চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, তুর্কিয়ে দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে। তবে আমরা যদি রমজানের শুরুর দিকেই এই সংস্থার সহযোগিতা পেতাম, তাহলে আরও শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারতো।
তুর্কিয়ে দিয়ানাত ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আফজালুর রহমান বলেন, আমরা দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতায় ও চাকসুর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছি। দিয়ানাত ফাউন্ডেশন হচ্ছে তুর্কীর ধর্ম মন্ত্রণালয়ের অধীন একটি ফাউন্ডেশন। আমরা বাংলাদেশসহ ১৪৯টি দেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি।
আতিকুর রহমান/এসএইচএ