ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত দ্বীপ হাতিয়ার শিক্ষার্থীদের সংগঠন ‘দ্বীপতরী’র সম্মানজনক ‘দ্বীপতরী পদক’ লাভ করেছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ দুই শিক্ষার্থী। স্নাতক পর্যায়ে সর্বোচ্চ ফলাফল ক্যাটাগরি ও দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার স্বীকৃতি স্বরূপ এ পদকে ভূষিত হয় এ দুই শিক্ষার্থী।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট অডিটোরিয়ামে ‘দ্বীপতরী’ আয়োজিত এক ইফতার ও নবীণ বরণ অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়।
স্নাতক পর্যায়ে সর্বোচ্চ ফলাফল (সিজি ৩.৯৭) পেয়ে এ সম্মানজনক পদকে ভূষিত হন দ্বীপ হাতিয়ার সন্তান ও বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী মেহের আফরোজ প্রিয়া। অন্যদিকে দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার স্বীকৃতি স্বরূপ দ্বীপতরী পদকে ভূষিত হন ঢাবির ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ।
হাতিয়ার এ দুই কৃতি শিক্ষার্থীর অসামান্য সাফল্যে দ্বীপ উপজেলা হাতিয়ার সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ তারা এ দুই শিক্ষার্থীর এ কৃতিত্বকে করতালির মাধ্যমে উদযাপন করে।
সংগঠনটির সভাপতি মো. তাওফিকুল ইসলাম তাদের এই কৃতিত্বকে একটি ‘উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, দ্বীপ উপজেলার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় অনুপ্রেরণা জোগাতেই ২০২৫ সাল থেকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি পেলে ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থী একই ধরনের কৃতিত্ব অর্জনে উৎসাহী হবে। এবং তাদের এই অসামান্য অর্জন অন্যান্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এসএআর/এনএফ
