জাবি শিক্ষার্থী ও তার ভাগ্নি নিখোঁজ, মায়ের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী ও তার ভাগ্নি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ওই বাসে রাইয়ান, তার মা, বোন ও ভাগ্নি অবস্থান করছিলেন।
নিখোঁজ শিক্ষার্থীর নাম আহনাফ তাহমিদ খান রাইয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। নিখোঁজ অপরজন রাইয়ানের ভাগ্নি।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখছি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাইয়ানের মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার বোনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও রাইয়ান ও তার ভাগ্নির কোনো সন্ধান পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এদিকে ঘটনার পর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর ভিপি আব্দুর রশিদ জিতু। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি জানান, রাইয়ানের পরিবারের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে নিখোঁজদের দ্রুত উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে ভিপি জিতু আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে সংশ্লিষ্টদের দায় নির্ধারণ এবং তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
এসএইচএ