স্মৃতি রোমন্থন আর প্রাণের স্পন্দনে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে পরিচালিত চিটাগাং ইউনিভার্সিটি সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ)-এর সাবেক শিক্ষার্থীদের এই মিলনমেলা রূপ নিয়েছে জাঁকজমকপূর্ণ উৎসবে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, করপোরেট ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা অংশ নেন।
সিইউসিবিএ-এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুর রহমান, সিইউসিবিএ-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নেসারুল করিম এবং চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী প্রমুখ।
বিজ্ঞাপন
আয়োজনে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মো. মিজানুর রহমান, আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন এবং সাধারণ সম্পাদক দিপেশ বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবিএম শিহাব উদ্দিন।
দিনব্যাপী এই উৎসবের বিভিন্ন পর্বের মধ্যে ছিল বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, গুণীজনদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো ও র্যাফেল ড্র। আগত অতিথিদের জন্য খাবারের মেন্যুতে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ডিনার।
অনুষ্ঠানের শেষ ভাগে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শকদের মাতিয়ে তোলে। এছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী ‘মিথুন চক্র’-এর প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
বিজ্ঞাপন
সিইউসিবিএ-এর এক দশকের পথচলাকে স্মরণীয় করে রাখতে এই আয়োজনটি সাবেক শিক্ষার্থীদের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
আতিকুর রহমান/বিআরইউ
