বিজ্ঞাপন

জবিতে ছাদের পলেস্তারা পড়ে দুই শিক্ষার্থী আহত, ক্যম্পাসে বিক্ষোভ

অ+
অ-
জবিতে ছাদের পলেস্তারা পড়ে দুই শিক্ষার্থী আহত, ক্যম্পাসে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা হলেন- গণিত বিভাগের ২০তম ব্যাচের তানভীর নেওয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এবং ভবন সংস্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সেমিনার কক্ষে হঠাৎ ছাদের পলেস্তারা’র বড় একটি অংশ শিক্ষার্থীদের ওপর খসে পড়ে। এতে ফাহিম এবং মাহফুজ গুরুতর আঘাত পান। তাদের তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা গণিত বিভাগের সামনে থেকে একটি মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় জকসুর সদস্য জাহিদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের জানের নিরাপত্তা না দিতে পারলে প্রয়োজনে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিক। আজকে যদি কেউ দুর্ঘটনায় মারা যেত, এর দায়ভার কে নিত? তাই নতুন উপাচার্য মহোদয়কে বলতে চাই, আপনি এই বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিন। না হলে সাধারণ শিক্ষার্থীরা আপনার ভবনের নিচে বসে ক্লাস করবে।

জকসু এজিএস মাসুদ রানা বলেন, আমাদের ছোট ভাইদের ওপর পলেস্তারা পড়ে তারা মারাত্মক আহত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন নেই, মেসে থেকে শিক্ষার্থীরা নানা কষ্টে পড়ালেখা করে। এরপরও ক্যাম্পাসে এসে যদি জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়, তবে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও এমন ঘটনা ঘটেছে। প্রশাসন তদন্ত কমিটি করে, ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সংস্কারের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি না। অবিলম্বে ভবনগুলো সংস্কার করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন।

এসময় গণিত বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সহ জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

এমএল/এমএসএ