বিজ্ঞাপন

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

ঢাবি শিক্ষার্থীর অনশনের ২৩ ঘণ্টা

অ+
অ-
ঢাবি শিক্ষার্থীর অনশনের ২৩ ঘণ্টা

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গুম প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজু ভাস্কর্যের পাদদেশে তার অনশন কর্মসূচির ২৩ ঘণ্টা পূর্ণ হয়েছে।

অনশনরত শিক্ষার্থী সাদিক মুনওয়ার মুনেম বলেন, অনশনের ২৩ ঘণ্টা পার হলো। সকাল থেকে অসংখ্য শিক্ষার্থী সংহতি জানাতে এসেছেন। দীর্ঘ সময় না খেয়ে থাকায় শরীর দুর্বল হয়ে পড়লেও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমার মনোবলকে আরও দৃঢ় করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাব।

এর আগে, বুধবার রাতে ডাকসুর ভিপি সাদিক কায়েম অনশনস্থলে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ, আনান ইবনে মুনির, রায়হান উদ্দিনসহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বুধবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন শুরু করেন সাদিক মুনওয়ার মুনেম। পরবর্তীতে তার দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী এই কর্মসূচিতে যোগ দেন। আন্দোলনকারীদের মূল দাবি হলো— জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে গৃহীত ‘জুলাই সনদ’ ও ‘গণভোটের’ রায় অবিলম্বে কার্যকর করা।

এসএআর/এমএআর/