‘বৈশ্বিক সংকটকালীন মুহূর্তে আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিনা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানি ও বিদ্যুৎ অপচয় রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কর্মসূচির শুরু করেন ছাত্রদলের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
কর্মসূচি শুরুর আগে সাংবাদিকদের তৌহিদুল ইসলাম বলেন, দেশে সুপেয় পানির সংকট এখনো অনেক জায়গায় বিদ্যমান। তাই পানি ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, আমরা যদি প্রয়োজন শেষে পানির কল ঠিকভাবে বন্ধ করি এবং পানি ব্যবহারে সচেতন হই, তাহলে এই গুরুত্বপূর্ণ সম্পদ সংরক্ষণ করা সম্ভব।
তিনি বলেন, সবার উচিত প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করা এবং ব্যবহার শেষে লাইট-ফ্যান বন্ধ করে দেওয়া। দিনের আলো ব্যবহার বাড়ানো এবং দিনের বেলায় ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার কমাতে পারলে বিদ্যুতের ওপর চাপ অনেকটাই কমানো সম্ভব।
বিজ্ঞাপন
তৌহিদুল ইসলাম বলেন, আমরা যদি নিজের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করি, তাহলে অপচয় রোধ করা সম্ভব। আমি যে বিদ্যুৎ অপচয় না করে সাশ্রয় করলাম, সেটি অন্য একটি পরিবার বা অন্য কেউ প্রয়োজনমতো ব্যবহার করতে পারবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। আজ শিক্ষার্থীরা যা ভাববে, আগামী দিনে দেশও সেদিকেই এগোবে। তাই সচেতনতার জায়গা থেকে সবাইকে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। একার পক্ষে এ ধরনের বড় সংকট মোকাবিলা করা সম্ভব নয়। পানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সম্মিলিতভাবে সচেতন হতে হবে এবং বাস্তব উদ্যোগ নিতে হবে।
এসএআর/জেডএস
