বাংলা নববর্ষকে বরণ করে নিতে এবং বাঙালির ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতিকে উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী উৎসব ১৪৩৩’-এর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ।
উৎসবে উপস্থিত ছিলেন, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী তামীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
বৈশাখী উৎসবের প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী পুতুলনাচ, লাঠিখেলা, বায়োস্কোপ, নাগরদোলা এবং বাউল গান, জারি-সারি গানের পরিবেশনা।
আয়োজকেরা জানান, হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজন নিয়ে ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি রয়েছে। এগুলো কখনো হারিয়ে যাওয়ার নয়। আমরা হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতিকে নতুন রূপে আবারও ঢাবির বুকে প্রতিষ্ঠিত করতে চাই।
বিজ্ঞাপন
তিনি বলেন, ইট-কাঠের বাইরেও একটি আলাদা জগৎ রয়েছে। আমরা সেই জগতের সঙ্গে শিক্ষার্থীদের নতুন করে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই আজকের এই আয়োজন।
এসএআর/এমএসএ
