বিজ্ঞাপন

সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘নটর ডেম সায়েন্স ফেস্টিভ্যাল’

সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘নটর ডেম সায়েন্স ফেস্টিভ্যাল’

বিজ্ঞান, প্রযুক্তি ও সাধারণ জ্ঞানের চর্চাকে আরও সমৃদ্ধ করতে নটর ডেম কলেজে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আয়োজন— নটর ডেম অ্যানুয়াল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৫ এবং ৩৫তম জেনারেল নলেজ কম্পিটিশন (জিকেসি)।

তিন দিনব্যাপী এ উৎসবটি অনুষ্ঠিত হয় (১৬, ১৭ ও ১৮ এপ্রিল) নটর ডেম কলেজ ক্যাম্পাসে। দেশের ৮টি বিভাগের ২০০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার জনেরও বেশি শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

এই উৎসবের সমাপনী দিনের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. হাসিনা খান। তিনি তার বক্তব্যে বিজ্ঞানচর্চা, গবেষণা এবং উদ্ভাবনী চিন্তার গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. দীপ নন্দী। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটর ডেম সায়েন্স ক্লাবের মডারেটর ভিনসেন্ট তিতাস রোজারিও। তার নেতৃত্বে এবং বিজ্ঞান ক্লাবের সদস্যদের সার্বিক প্রচেষ্টায় এই বৃহৎ আয়োজন সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানা প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। 

এবারের উৎসবের উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে ছিল— ফাদার টিম মেমোরিয়াল সায়েন্স অলিম্পিয়াড, ৩৫তম জেনারেল নলেজ কম্পিটিশন (জিকেসি), প্রজেক্ট এক্সিবিশন, দেয়ালিকা (ওয়াল ম্যাগাজিন), স্ক্র্যাপবুক এবং কনানড্রাম প্যারাডক্স (৭০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ আয়োজন)। এছাড়া ছিল পাবলিক কুইজ এবং রোবোটিক্স ইভেন্টের অধীনে রোবো সকার ও লাইন ফলোয়িং রোবট।

এই আয়োজন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করে, যেখানে তারা বাস্তবভিত্তিক সমস্যার সমাধান, সৃজনশীল চিন্তা এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সম্ভাবনাকে নতুনভাবে অন্বেষণ করতে পারে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়তা পায়।

১৯৫৫ সালে প্রতিষ্ঠিত নটর ডেম বিজ্ঞান ক্লাব— বাংলাদেশ তথা উপমহাদেশের প্রথম কলেজভিত্তিক বিজ্ঞান ক্লাব— দীর্ঘদিন ধরে ‘Science for Human Welfare’ মূলমন্ত্র ধারণ করে বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই উৎসবের মাধ্যমে ক্লাবটি আবারও প্রমাণ করেছে যে, তারা তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার পাশাপাশি নেতৃত্ব, সৃজনশীলতা ও জ্ঞানভিত্তিক চিন্তাধারার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই উৎসব দেশের শিক্ষাক্ষেত্রে অনুপ্রেরণার অন্যতম উৎস হিসেবে কাজ করবে এবং আরও বৃহৎ পরিসরে তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।

এসএএস/এমএন

বিজ্ঞাপন