ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে কর্মরত ৩৭০ জন ক্যাম্পাস সাংবাদিক।
বুধবার (২৯ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) শাহবাগ থানার মতো গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সংঘবদ্ধ হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।
এতে উল্লেখ করা হয়, হামলার শিকার সাংবাদিকরা মামলা করতে গেলে শাহবাগ থানা মামলা গ্রহণে গড়িমসি করে। এমনকি মামলার আবেদন গ্রহণেও বিলম্ব করা হয়েছে।
ক্যাম্পাস সাংবাদিকেরা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি উদ্বেগজনক। সাংবাদিকেরা রাষ্ট্র ও সমাজের দর্পণ। তাদের কণ্ঠরোধের যেকোনো চেষ্টা গণতন্ত্রকে দুর্বল করে।
হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এসব ক্যাম্পাস সাংবাদিকরা। একই সঙ্গে অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে ঢাবি প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলার অভিযোগও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিকদের ভয় দেখিয়ে বা দমন করে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়ে তারা সতর্ক করেন, দ্রুত বিচার নিশ্চিত করা না হলে সারা দেশের ক্যাম্পাস সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এসএআর/বিআরইউ
