বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমজীবী মানুষের প্রতি সংহতি জানাতে, সাইকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্দেশে রওনা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের যৌথ উদ্যোগে এই সাইকেল যাত্রা শুরু হয়। ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের নেতৃত্বে সাইকেল দলটি রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবে।
এরপর আগামীকাল ১ মে ভোরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) আয়োজিত ‘জাকসু রান ২০২৬’-এ অংশ নেবেন তারা। রান শেষে শিক্ষার্থীরা আবারও সাইকেল চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবেন।
ডাকসুর ক্রীড়া সম্পাদক জানান, বিশ্বের সব শ্রমজীবী মানুষের নিরন্তর পরিশ্রম ও নীরব ত্যাগের প্রতি সংহতি জানানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের পরিবর্তে পরিবেশবান্ধব সাইকেলের ব্যবহার বাড়ানোর বার্তাও দেওয়া হচ্ছে।
আরমান হোসেন বলেন, শ্রমিক দিবস শুধু উদ্যাপনের দিন নয়, নিজেকে শ্রমিকের অবস্থানে নিয়ে তাদের কষ্ট ও ত্যাগকে আপন করে ভেদাভেদ ভুলে একসঙ্গে পথচলা শুরু করার দিন।
তিনি আরও বলেন, যে মানুষগুলো প্রতিদিন ভোরে ঘর থেকে বের হয়ে আমাদের সমাজকে সচল রাখেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সবচেয়ে ভালো উপায় হলো সেই চেতনাকে কর্মে পরিণত করা। সাইকেলে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া আমাদের কাছে একটি ছোট কষ্টের প্রতীক মাত্র। শ্রমিকরা প্রতিদিন যা বহন করেন, তার তুলনায় এটি কিছুই নয়।
ডাকসু নেতারা আশা প্রকাশ করে বলেন, জাকসু রান ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও গভীর করবে।
এসএআর/আরএফ/এমএন
