বিজ্ঞাপন

‘গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠক

‘গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর চায়না স্টাডিজ এবং চীনের সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের যৌথ উদ্যোগে ‘গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক দিনব্যাপী চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রেসিডেন্ট অধ্যাপক ড. চেন দোংজিয়াও। অধিবেশনটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল রূপান্তর এবং শিল্প উন্নয়নে যৌথ সহযোগিতা সম্প্রসারণ গুরুত্বপূর্ণ।

এছাড়া আধুনিক ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে শিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নে আরও সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। নগর ও পানি ব্যবস্থাপনা, জটিল নদী ব্যবস্থা এবং পরিবহন নেটওয়ার্ক উন্নয়নে উদ্ভাবনী সমাধানের ক্ষেত্রে তিনি চীনের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশে চীনা অধ্যয়নের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

দিনব্যাপী এ গোলটেবিল বৈঠকের বিভিন্ন অধিবেশনে বাংলাদেশ ও চীনের শিক্ষাবিদ, গবেষক, বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন।

এসএআর/জেআই/এমএন