বিজ্ঞাপন

কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম

কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. এম এম শরীফুল করীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। তিনি কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকার বাসিন্দা। তিনি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন (ইউট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট।

অধ্যাপক ড. এম এম শরীফুল করীম চট্টগ্রাম গভর্নমেন্ট হাইস্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট কলোনাল লিটারেচার এর ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৮তম বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। দীর্ঘদিন আনন্দমোহন কলেজের ইংরেজি বিভাগে শিক্ষকতা করার পর ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে সহকারী অধ্যাপক হিসেবে ইংরেজি বিভাগে যোগদান করেন। একই সঙ্গে তিনি বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভাগীয় প্রধান, কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, হল প্রভোস্ট এবং ভর্তি কমিটির অনুষদ প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, বিভাগীয় এডভাইজর, কারিকুলাম কমিটির সদস্য এবং নিয়োগ বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি বলেন, সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার একমাত্র কর্তব্য বলে মনে করি। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রত্যাশী।

আরিফ আজগর/এসএইচএ