বিজ্ঞাপন

চিকিৎসকের ওপর হামলা, চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

চিকিৎসকের ওপর হামলা, চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

শরীয়তপুরে কর্মরত চিকিৎসক ডা. নাসিরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা ২০ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা।

সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে চমেক হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ১১টা থেকে মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

তবে, মানবিক কারণে হাসপাতালের জরুরি বিভাগকে কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে। এরপরও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকরা না থাকায় সাধারণ রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ), চমেক হাসপাতাল শাখার দপ্তর সম্পাদক মো. ইরফানুর রহমান এক বিবৃতিতে জানান, গত ১৫ মে রাতে শরীয়তপুর সদর হাসপাতালে ‘হাই-রিস্ক বন্ডে’ থাকা এক রোগীর স্বজন ও এলাকার বখাটেরা দলবদ্ধ হয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালায়। হামলার পর থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

চিকিৎসকের ওপর এই হামলার ঘটনায় তিন দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। দাবিগুলো হলো— ১. হামলাকারীদের দ্রুত ফৌজদারি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; ২. চিকিৎসক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করা এবং ৩. হাসপাতালে জনবল সংকট নিরসনের পাশাপাশি ধারণক্ষমতার বাইরে রোগী ভর্তি বন্ধ করে কার্যকর ‘রেফারেল সিস্টেম’ গড়ে তোলা।

dhakapost

আইডিএ সভাপতি ডা. মো. সাকিব হোসেন সরকারের কাছে উক্ত দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি প্রাথমিক কর্মসূচি হিসেবে ২০ ঘণ্টার এই কর্মবিরতি ঘোষণা করেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি অনতিবিলম্বে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তবে দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে সমন্বয় করে সারা দেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে চিকিৎসকদের এই তিন দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি হাসপাতালের পরিচালক বরাবর পেশ করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এনডিএফের সভাপতি সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের আহ্বায়ক ডা. হাবিবুর রহমান সোহাগ, আইডিএর সাধারণ সম্পাদক ডা. লিখন, সহ-সাধারণ সম্পাদক ডা. ওমায়ের, সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন এবং ডা. ইনতিসারসহ আরও অনেকে।

আরএমএন/এমএআর