ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘স্টেট অব সোশ্যাল সায়েন্স রিসার্চ অ্যাট দ্য ইউনিভার্সিটি অব ঢাকা : পাস্ট হিস্টোরিজ, কনটেম্পোরারি ট্রেন্ডস অ্যান্ড ফিউচার ডিরেকশনস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম। এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং গবেষণা কেন্দ্রগুলোর পরিচালকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বৈশ্বিক র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সম্মানজনক পর্যায়ে নিতে হলে মানসম্মত ও আন্তর্জাতিকমানের গবেষণার বিকল্প নেই। গবেষকদের আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন জ্ঞান সৃষ্টি ও গবেষণার পরিধি বাড়াতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রগুলোকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে।
নিজ নিজ গবেষণাকর্ম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওয়েবসাইট ও বিভাগীয় ওয়েবসাইটে নিয়মিতভাবে আপলোড করার জন্য তিনি শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান।
এসএআর/এসএএস/এনএফ
