বিজ্ঞাপন

অসামাজিক কার্যকলাপে যুক্ত হাবিপ্রবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

অসামাজিক কার্যকলাপে যুক্ত হাবিপ্রবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ২৬ ব্যাচের শিক্ষার্থী কাউসার, একই অনুষদের ২৫ ব্যাচের শিক্ষার্থী মনিরুল ও রবিউল এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৬ মে বিশ্ববিদ্যালয়সংলগ্ন হ্যাভেন সিটি ছাত্রাবাসে তারা পরস্পরের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিন্যান্স অব স্টুডেন্টস ডিসিপ্লিন’-এর ১৫ ধারা অনুযায়ী এ ধরনের আচরণ অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে। এ কারণে তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।

আরএআর