ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সেন্টার ফর হেলথ, পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (সিএইচপিডি) পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বৈশ্বিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এস এম মোয়াজ্জেম হোসেন।
বুধবার (৩ জুন) থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। বৈশ্বিক জনস্বাস্থ্য, স্বাস্থ্যব্যবস্থা উন্নয়ন, জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম, টিকাদান, মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি এবং বৃহৎ কর্মসূচি পরিচালনায় ডা. মোয়াজ্জেমের রয়েছে তিন দশকের বেশি অভিজ্ঞতা। তিনি দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আইইউবিতে যোগদানের পূর্বে তিনি ইউনিসেফের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে– আফগানিস্তানে প্রিন্সিপাল অ্যাডভাইজার এবং চিফ অব হেলথ; নিউইয়র্কে ইউনিসেফ সদর দপ্তরে বৈশ্বিক পোলিও নিরাময় কর্মসূচির ডেপুটি ডিরেক্টর; ইরাকে চিফ অব হেলথ অ্যান্ড নিউট্রিশন; এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের রিজিওনাল অ্যাডভাইজার ফর হেলথ অ্যান্ড নিউট্রিশন।
এ ছাড়া তিনি সেভ দ্য চিলড্রেন-ইউকে এবং বাংলাদেশে আইসিডিডিআর,বি ও পাথফাইন্ডার ইন্টারন্যাশনালেও জ্যেষ্ঠ পদে কাজ করেছেন।
আফগানিস্তানে দায়িত্ব পালনকালে তিনি জাতিসংঘ ব্যবস্থার অন্যতম বৃহৎ স্বাস্থ্য কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। সেখানে প্রায় ৪০০ মিলিয়ন ডলারের কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রায় আড়াই হাজার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সহায়তা কার্যক্রম তত্ত্বাবধান করেন। ইউনিসেফ সদর দপ্তরে দায়িত্ব পালনকালে তিনি গ্লোবাল পোলিও ইরাডিকেশন স্ট্র্যাটেজি ২০২২-২০২৬ প্রণয়নেও নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখেন।
ডা. মোয়াজ্জেম ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, বেলজিয়ামের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন থেকে জনস্বাস্থ্যে স্নাতকোত্তর (এমপিএইচ) এবং সিএসএম ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজ (যুক্তরাষ্ট্র/কানাডা) থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের ফেলো অব পাবলিক হেলথ (ডিস্টিংশন) অর্জন করেছেন। এ ছাড়া তিনি লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, ইউনিভার্সিটি অব মেলবোর্ন এবং দক্ষিণ আফ্রিকার গর্ডন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে নির্বাহী প্রশিক্ষণ নিয়েছেন।
তার ৬০টির বেশি পিয়ার-রিভিউড গবেষণা নিবন্ধ, মনোগ্রাফ ও পলিসি পেপার প্রকাশিত হয়েছে। তার কাজ ল্যানসেট গ্লোবাল হেলথ, বিএমজে গ্লোবাল হেলথ, হেলথ পলিসি অ্যান্ড প্ল্যানিং, অ্যাডভান্সেস ইন নিউট্রিশন এবং ডিজাস্টার-সহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির মেইলম্যান স্কুল অফ পাবলিক হেলথে অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিআরইউ
