বিজ্ঞাপন

জাবিতে ছাত্রলীগের ২১ জনের সাজা মওকুফ ও হ্রাস

জাবিতে ছাত্রলীগের ২১ জনের সাজা মওকুফ ও হ্রাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের শাস্তি পুনর্বিবেচনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপিলের প্রেক্ষিতে কয়েকজনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে এবং অনেকের শাস্তির মেয়াদ কমিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় অভিযুক্তদের আপিল আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সভা শেষে ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শাস্তির মেয়াদ কমানোর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, আপিলের প্রেক্ষিতে মোট ৪৩ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে আগে নেওয়া শাস্তিমূলক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। এর মধ্যে পূর্বে স্থায়ীভাবে বহিষ্কৃত ২১ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জনকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া ৮ জনের স্থায়ী বহিষ্কারাদেশ কমিয়ে দুই বছর এবং আরও ৫ জনের ক্ষেত্রে এক বছর করা হয়েছে। বাকি তিন জনের ক্ষেত্রে আগের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

উপাচার্য আরও জানান, পূর্বে দুই বছরের জন্য বহিষ্কৃত ৮ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জনকে সব দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি দুই জনের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল রয়েছে।

এদিকে হামলায় জড়িত থাকার দায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ‘সনদ বাতিল’ সংক্রান্ত পূর্বের ১২টি সিদ্ধান্তও এই সিন্ডিকেটে পুনর্বিবেচনা করা হয়েছে। 

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ৫ জনের সনদ বাতিলের সিদ্ধান্ত সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। বাকিদের মধ্যে ৪ জনের ক্ষেত্রে এক বছর এবং ৩ জনের ক্ষেত্রে দুই বছরের জন্য সনদ বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, প্রায় ১২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সব বিষয় গভীরভাবে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল অভিযোগ, আপিল এবং সংশ্লিষ্ট নথিপত্র পুনর্বিবেচনা করে কোথাও শাস্তি হ্রাস করা হয়েছে, আবার কোথাও পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

শাস্তি মওকুফ ও হ্রাসপ্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব এবিএম আজিজুর রহমান বলেন, বিস্তারিত তালিকা এখনো হাতে আসেনি। সংশ্লিষ্ট শাখা থেকে আগামী এক-দুই দিনের মধ্যে তালিকা পেলে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান চলাকালে জাবি ক্যাম্পাসে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও সনদ বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তদের আপিলের প্রেক্ষিতে সিন্ডিকেট এবার সেই শাস্তি পুনর্বিবেচনা করল।

আরএআর